চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটি শুক্রবার সকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক করেছে। বৈঠকটি বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই বৈঠকে অংশ নেন, যেখানে গত বুধবার ও বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘর-বাড়ি, স্থাপনা এবং নামফলক ভাঙচুরের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্র জানায়, তারেক রহমান লন্ডন সময় ভোর সাড়ে ৫টায় দলের নীতিনির্ধারকের সঙ্গে আলোচনা করার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (অনলাইনে), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইনে), আমির খসরু মাহমুদ চৌধুরী (অনলাইনে), সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), হাফিজ উদ্দিন আহমেদ, এবং অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন (অনলাইনে)।

দলীয় এক সূত্র জানায়, এই বৈঠকে দলের ভবিষ্যৎ পদক্ষেপ ও কার্যক্রম নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বৈঠক শেষে বলেন, “আমরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং গত বৃহস্পতিবার রাতে দলীয় অবস্থানও জানিয়েছি। আরও কিছু সিদ্ধান্ত সামনে আসবে।”

বৈঠকটির বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।