অতিরিক্ত ভেপিংয়ে বদলে গেছে কণ্ঠস্বর, অকপটে স্বীকার করলেন সেলেনা গোমেজ

অনলাইন ডেস্ক:

অতিরিক্ত ভেপিং বা ই-সিগারেট ব্যবহারের কারণে নিজের কণ্ঠস্বরে স্থায়ী পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সি এই গায়িকা ও অভিনেত্রী জানান, দীর্ঘ সময় নিকোটিনের নেশায় আসক্ত থাকার খেসারত হিসেবেই তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

ভিডিও বার্তায় সেলেনা বলেন, ‘আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি, যার ফলে আমার কণ্ঠস্বর আগের মতো আর নেই। যারা নতুন করে ভেপিং শুরু করার কথা ভাবছেন, তাদের বলব এটি একেবারেই বোকামি। এর কোনো মূল্য নেই।’ তিনি আরও যোগ করেন, নিকোটিনের নেশা থেকে বেরিয়ে আসা কতটা কঠিন, তা তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন।

সেলেনার কণ্ঠস্বর আগের চেয়ে বেশ গম্ভীর বা ভারী হয়ে গেছে বলে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে গুঞ্জন ছিল। এর আগে গত ডিসেম্বরে তিনি জানিয়েছিলেন, অটোইমিউন রোগ ‘লুপাস’-এর কারণেও তার কণ্ঠনালীতে প্রদাহ ও সমস্যা হতে পারে। তবে এবার তিনি সরাসরি ভেপিংয়ের কুফলকেই কণ্ঠ পরিবর্তনের মূল কারণ হিসেবে চিহ্নিত করলেন।

তবে স্বস্তির খবর হলো, সেলেনা জানিয়েছেন তিনি সফলভাবে নিকোটিন আসক্তি কাটিয়ে উঠেছেন। তিনি বলেন, ‘আমি আনন্দিত যে এই অভ্যাসটি বন্ধ করতে পেরেছি এবং আশা করছি এটি ধরে রাখতে পারব।’

এদিকে, সেলেনার এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল ভক্ত তার সততার প্রশংসা করে বলছেন, আসক্তি থেকে বেরিয়ে আসার এই লড়াই অনেকের জন্য অনুপ্রেরণা। অন্যদিকে, সমালোচকদের একাংশ মনে করিয়ে দিয়েছেন যে, ২০১৭ সালে বন্ধু ফ্রানসিয়া রাইসার কাছ থেকে কিডনি প্রতিস্থাপনের মতো জীবন বাঁচানোর উপহার পাওয়ার পরও তার এমন স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অভ্যাসে লিপ্ত থাকাটা হতাশাজনক।