নিজস্ব প্রতিবেদক::
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে তাঁকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ করেন চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা। পরে একদল ব্যক্তি তাঁকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পেরেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ছাড়া তিনি মস্তিষ্কে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিশু চোর সন্দেহে মারধর
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ১১টার দিকে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর সন্দেহ করেন। তাঁরা হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানা গেছে।
এরপর একদল ব্যক্তি তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। একপর্যায়ে তিনি মারা যান। তবে তাঁকে শিশু চোর সন্দেহ করার পেছনে কোনো প্রমাণ ছিল কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ঘটনার মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
তিনি বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা এলে তাঁদের সঙ্গে কথা বলে মামলা করা হবে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক রিমন মিয়াও মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহ বুঝে নিতে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।











