নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে এবং একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন রোগী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৭০ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৮৬ জন ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ১০৫ জনে এবং ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ভর্তির চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭৫৫ জন। এছাড়া চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ২৬৪ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ৭৮ জন এবং সিলেট বিভাগে ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।











