যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে আইআরজিসি

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী অভিযানের জন্য নতুন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ এবং নির্দিষ্ট ভৌগোলিক সীমানার বাইরে সামরিক পরিকল্পনার কাজ পুরোদমে শুরু করেছে ইরান, যা তেহরানের তরফ থেকে এক নতুন সামরিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে।

তেহরানে দেওয়া এক বক্তব্যে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি জানিয়েছেন, শত্রুপক্ষকে চরম ক্ষতির মুখে ফেলতে এবং সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে একটি বিশাল সামরিক কৌশলগত ক্ষেত্র প্রস্তুত রাখা হয়েছে।

সম্প্রতি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ করে জেনারেল মহেব্বি জানান, সেই বৈঠকে দেওয়া নির্দেশনাবলী যুদ্ধের প্রেক্ষাপটে এক ‘নতুন অধ্যায়ের সূচনা’ করেছে এবং ইরানের সশস্ত্র বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে শত্রুকে চূড়ান্ত জবাব দিতে আরও বেশি প্রস্তুত রয়েছে।

আইআরজিসির মুখপাত্র জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই যুদ্ধে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা মানা হবে না এবং যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা নতুন করে কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে সেই সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে—তা কেবল ইরানের জনগণ ও তাদের সশস্ত্র বাহিনীই ঠিক করবে।

সর্বোচ্চ নেতার দেওয়া এই কড়া আদেশের আলোকেই আইআরজিসি এখন মধ্যপ্রাচ্য ও তার বাইরের নতুন নতুন অঞ্চলে আঘাত হানার পরিকল্পনা ছক কষছে এবং শত্রুর যেকোনো স্তরের হুমকি মোকাবেলায় তাৎক্ষণিক ও সংহারী জবাব দেওয়ার জন্য ইতোমধ্যে ইরানি বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।