ফরিদপুরে হাত-পা বেঁধে যুবকের দুই চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে যাওয়ার মর্মান্তিক অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

গত সোমবার (২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে রবিবার রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। আহত দেলোয়ার ওই ইউনিয়নের মাধবপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে চালানো হয় নির্যাতন। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে তাকে মৃত ভেবে বিলের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এদিকে সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে দেলোয়ারকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনার বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। তবে তার আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন এই ইউপি চেয়ারম্যান। তবে কারা এই বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।

অন্যদিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মামুনুর রশিদ বলেন, বিষয়টি ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।