৩ ইসরাইলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক:

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরাইলি বন্দির বিনিময়ে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। হামাস ইতোমধ্যে এই তিন ইসরাইলি পণবন্দির নামের তালিকা প্রকাশ করেছে। তারা হলেন: এলি শারাবি, ওহাদ বেন আমি, এবং অর লেভি, যারা সবাই বেসামরিক নাগরিক।

যুদ্ধবিরতি চুক্তি অনুসারে, ইসরাইল ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে ৭০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে যাবজ্জীবন বা দীর্ঘ মেয়াদী কারাদণ্ড রয়েছে। বাকি বন্দিরা গাজায় যুদ্ধ চলাকালীন সময়ে আটক হয়েছিলেন। এই মুক্তির পর, হামাস ইতোমধ্যে ১৮ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে, ইসরাইল ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের শেষ তিন সপ্তাহের মধ্যে আরো ৩৩ জন পণবন্দি এবং এক হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন। তবে, ৩৩ জন পণবন্দির মধ্যে আটজন ইতোমধ্যে মারা গেছেন বলে দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি আক্রমণে গাজায় কমপক্ষে ৪৭ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসঙ্ঘের পরিসংখ্যান অনুযায়ী, গাজার প্রায় দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: বিবিসি