পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আগারগাঁওয়ে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে একটি মিছিল নিয়ে বের হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন এবং সেখানে সড়ক অবরোধ করে তাদের কর্মসূচি চালিয়ে যান।

এদিকে সড়ক অবরোধের পাশাপাশি আজ শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর থেকে সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে গতকাল রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন, যার ফলশ্রুতিতে আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।

গত ২৭ অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠটি নিজেদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি হিসেবে দাবি করে তা হস্তত্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের প্রথম দিনেই মাঠটিতে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে চলমান মাটি পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তারা। এরপরের দিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে এবং গত ২৯ অক্টোবর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ওই দিনই জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়ের করার প্রতিবাদে গত ২ নভেম্বর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি চাষ করে নিজেদের দখলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।