ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যুতে বিসিবির গভীর শোক
অনলাইন ডেস্ক:
আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই শোক প্রকাশ করে।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ফুটবলের বিকাশ ও আধুনিকায়নে হারুনুর রশীদ অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দীর্ঘ বর্ণিল ক্যারিয়ারে বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি এএফসির নির্বাহী কমিটি, ফিফার মিডিয়া কমিটি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে অসামান্য অবদান রেখে গেছেন তিনি। তাঁর এই অবদান দেশের ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল প্রশাসনে হারুনুর রশীদের অসামান্য অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেছে বিসিবি। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।
দেশের অন্যতম সেরা এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি কর্তৃপক্ষ।
