পিএসজিতে মেসি-নেইমার-এমবাপ্পেকে সামলানো পচেত্তিনো হচ্ছেন ম্যানইউর নতুন কোচ
অনলাইন ডেস্ক:
পয়েন্ট টেবিলের তলানিতে নেমে রেলিগেশন অঞ্চলে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে কোচ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। বর্তমান কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করা হলে তার স্থলাভিষিক্ত হিসেবে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড মরিসিও পচেত্তিনোকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে আসার চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে রেড ডেভিলস কর্তৃপক্ষ। এই তথ্য জানিয়েছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।
গত ১৫ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড সোমবারই ক্যারিককে অব্যাহতি দেওয়ার ইঙ্গিত দেয়। এরপর মঙ্গলবার দিনজুড়ে ৫৪ বছর বয়সী পচেত্তিনোর প্রতিনিধির সঙ্গে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে দীর্ঘ বৈঠক করেন ক্লাবের কর্তাব্যক্তিরা, যেখানে চুক্তির সব বিষয়ে দুই পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে।
তবে বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা পচেত্তিনোকে পেতে ইউএস সকারকে প্রায় ১ কোটি ডলার (৭৪ লাখ পাউন্ড) রিলিজ ক্লজ বা ক্ষতিপূরণ গুনতে হবে ওল্ড ট্র্যাফোর্ডকে। কারণ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার চুক্তি রয়েছে। পচেত্তিনোর সঙ্গে তার পুরো কোচিং স্টাফও ম্যানচেস্টারে আসবেন, যার জন্য বাড়তি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মালিকপক্ষ।
যুক্তরাষ্ট্রকে ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬-তে তোলার পাশাপাশি ৩৫ ম্যাচের ২১টিতেই জয় উপহার দেওয়া পচেত্তিনো দীর্ঘদিন ধরেই ওল্ড ট্র্যাফোর্ডের হটসিটে বসার স্বপ্ন লালন করছিলেন। ২০১৬ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে তার সেই বিখ্যাত মধ্যাহ্নভোজের পর থেকে দীর্ঘ ১০ বছর ধরে তাকে রেড ডেভিলসদের কোচের দায়িত্বে আনার যে গুঞ্জন চলছিল, সপ্তম দফায় এসে সেটি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের দীর্ঘ অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার অসাধারণ ট্র্যাক রেকর্ডই তাকে ক্লাব বোর্ডের পছন্দের শীর্ষে রেখেছে।
এছাড়া পিএসজিতে মেসি-নেইমার-এমবাপ্পেকে একসঙ্গে দলে খেলানোর অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে। যদিও তার সময়ে সবচেয়ে খারাপ ফর্মে ছিল পিএসজি দল।
এদিকে স্যার জিম র্যাটক্লিফের সঙ্গে জরুরি বৈঠক করতে ক্লাবের সিইও ওমর বেরাদা এবং ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স মোনাকোর উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। অন্যদিকে, আন্তর্জাতিক বিরতিতে হাইতির বিপক্ষে কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত হতে থাকা যুক্তরাষ্ট্রের ফুটবল দল এখন পচেত্তিনোর সম্ভাব্য বিদায়ে কোচহীন হয়ে পড়ার শঙ্কায় আছে।
