মুন্সীগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন গুলিবিদ্ধসহ মোট ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এই সংঘর্ষ চলে। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়।
এই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হওয়া পাঁচ জন হলেন—দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) এবং ইমরান হোসেন (৪৮)। তাদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া সংঘর্ষে আহত অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে এবং বিএনপি কর্মী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের একাধিকবার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
পুরো পরিস্থিতি প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরেই মূলত ওই দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। তবে খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় পুলিশের গাড়ি বা পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরবর্তীতে পুলিশের তৎপরতায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে সেখানে শান্ত পরিবেশ বিরাজ করছে।
