ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক, বিশৃঙ্খলা এড়াতে বিজিবি মোতায়েন

প্রকাশিত: 12 November 2026, 2:52 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক থাকলেও শ্রমিক বিক্ষোভের মুখে জামগড়া ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এদিকে চলমান অসন্তোষ ও বিশৃঙ্খলা কঠোর হাতে ঠেকাতে শিল্পাঞ্চল আশুলিয়ায় মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি এবং সতর্ক অবস্থানে রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটকে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে শুধু জামগড়া ও নরসিংহপুর এলাকায় ৫/৬টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলো সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন, এবং পুলিশের তৎপরতায় পিছু হটে বাড়ি ফেরেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আজকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকার আওতাধীন সাভার-আশুলিয়ার সার্বিক পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় চার-পাঁচটি কারখানার শ্রমিকরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বেরিয়ে গেছেন। তবে অন্য কার কারখানায় স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে। এ ছাড়া আমরা ঢাকা জেলা পুলিশের সবাই এখানে আছি। ঢাকা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা ফোর্স প্যাট্রলিং করছি।

তিনি আরও বলেন, পাশাপাশি সচেতনতা তৈরির কাজও করছি। শ্রমিক, এলাকাবাসী ও বাড়ির মালিকদের আমরা বার্তা দিচ্ছি, তারা যেন কাজে ফিরে যান এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। অন্য যেসব কারখানায় কাজ চলছে, সেখানেও যেন কেউ কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করেন, সে বিষয়ে তাদের সচেতন করার চেষ্টা করছি। আজ এখন পর্যন্ত পাঁচটি কারখানার শ্রমিকরা কাজ না করে বেরিয়ে গেছেন। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি, আরেকটি কারখানার শ্রমিকরাও কাজ না করে বেরিয়ে গেছেন। আমরা যে কারখানার সামনে দাঁড়িয়ে আছি, সেখানকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জেনেছি, ছয় ও সাততলার শ্রমিকরা নেমে গেছেন। অন্য ফ্লোরের শ্রমিকেরাও বেরিয়ে যাচ্ছেন। এ ছাড়া কোথাও কোনও ঝামেলা নেই। সব জায়গায় স্বাভাবিকভাবে কাজ চলছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রতিদিনই শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। এর কারণ হিসেবে আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, আমাদের শ্রমিক ভাই-বোনেরা কাজ করতে চান। কিন্তু তাদের এই আন্দোলন বাইরের কোনও একটি মহলের ইন্ধনে হচ্ছে। তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করছেন। সেখানে বলা হচ্ছে, ‘আমরা কাজ করছি না, কেন কাজ করছ? কাজ বন্ধ করতে আমরা নেমে যাচ্ছি, তোমরাও নেমে যাও’। এভাবে শ্রমিকরাও বেরিয়ে যাচ্ছেন। তারা কোনও কারণ, দাবি-দাওয়া ও চাপ ছাড়াই বেরিয়ে যাচ্ছেন। আজ সকালে নেক্সট কালেকশনের শ্রমিকরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন। এএম ডিজাইনের গেটে একজনকে ঢিল ছুড়তে দেখা যায়। ঢিল ছোড়ার সময় তাকে আমরা সেখান থেকে হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, আপনারা জানেন, আজ সাভার-আশুলিয়ার পরিস্থিতি একদমই শান্ত রয়েছে। অধিকাংশ গার্মেন্টস খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজ করছেন। দুয়েকটি গার্মেন্টসে ছুটি ঘোষণা করা হয়েছে, কারণ শ্রমিকরা কাজ না করে বসে ছিলেন। এ কারণে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। আমি বলবো, আসলে যারা কুচক্রী মহল বা নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য, তারা গার্মেন্টসকে কেন্দ্র করে শ্রমিক ভাই-বোনদের আবেগকে পুঁজি করে দেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করছিল। অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করছিল। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা শক্ত হাতে দমন করেছি। এ কারণে আমাদের কলকারখানার মালিকরা এবং শ্রমিক নেতারাও আমাদের সহযোগিতা করেছেন। তারা বলেছেন, এটি আসলে শ্রমিকদের কোনও আন্দোলন নয়। সরকারও যেহেতু আন্তরিকভাবে মজুরি বোর্ড গঠন করেছে এবং জানুয়ারি থেকেই তারা বর্ধিত বেতন পাবেন। পাশাপাশি প্রতি মাসে ১০ কেজি করে চাল পাবেন। এসব কারণেই শ্রমিকরা আসলে সবাই কাজে যোগ দিয়েছেন। যারা কাজে যোগ দেননি বা কাজ করছেন না, তারা আসলে বিশৃঙ্খলাকারী কিংবা নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা অনেককে গ্রেফতার করেছি- তারা প্রকৃত শ্রমিক নন।

তিনি পরিশেষে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। সাভার-আশুলিয়া কিংবা সারা বাংলাদেশে কোনও ধরনের বিশৃঙ্খলা যারা সৃষ্টি করতে চাইবে, তাদের পুলিশ শক্ত হাতে দমন করবে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন