ওয়াশিংটনে বন্দুকধারীর তাণ্ডব: হোয়াইট হাউসের কাছে নিহত ১, অবরুদ্ধ হামলাকারী
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের অদূরে লোগান সার্কেল এলাকায় বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘটা এই সহিংসতায় একটি জিমের ভেতরে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী একটি ভবনের সপ্তম তলায় গিয়ে নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন, তাকে ধরতে পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।
হামলার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ নম্বর সড়কের বড় একটি অংশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষকে নিরাপত্তার খাতিরে ওই এলাকা থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘটনাস্থলের আশেপাশে ভিদা ফিটনেস সেন্টার, সেন্ট লুকস এপিস্কোপাল চার্চ, কয়েকটি আবাসিক ভবন এবং একটি হোল ফুডস সুপারমার্কেট রয়েছে। সন্দেহভাজনকে ধরতে সোয়াট টিমসহ পুলিশের একাধিক দল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অ্যাপার্টমেন্ট ভবনের ছাদ ও নিচতলায় অবস্থান নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, সন্দেহভাজন ব্যক্তি প্রথমে জিমের ভেতরে একজনকে গুলি করেন। এরপর বাইরে বেরিয়ে এসে তিনি আরও গুলি চালান। পরবর্তীতে একটি পার্কিং গ্যারেজের লিফটে আরেকজনকে গুলি করে তিনি কাছের একটি ভবনের সপ্তম তলায় গিয়ে নিজেকে অবরুদ্ধ করেন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৮টার দিকে গুলির শব্দ শোনার সময় জিমের ভেতরে প্রায় ৫০ জন মানুষ ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, কয়েক সেকেন্ডের মধ্যেই একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। জিমের আরেক সদস্য তাকে বাঁচানোর চেষ্টা করলেও গলায় গুলিবিদ্ধ ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার তদন্তে স্থানীয় পুলিশকে সহযোগিতা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ওয়াশিংটন ফিল্ড অফিস। পাশাপাশি ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের (এটিএফ) কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।
উল্লেখ্য, লোগান সার্কেল এলাকায় এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডজ) সাবেক এক সদস্য ও এক নারী সেখানে ছিনতাইকারীদের হামলার শিকার হন। ওই ঘটনার কয়েক দিন পর ট্রাম্প স্থানীয় কর্তৃপক্ষের ক্ষমতা পাশ কাটিয়ে ওয়াশিংটন ডিসির নিয়ন্ত্রণ নেন এবং অপরাধ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন। সেই মোতায়েন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
