চলমান বিশৃঙ্খলা না থামলে পোশাক খাত বিপর্যয়ের মুখে পড়বে: বিজিএমইএ সভাপতি
নিজস্ব প্রতিবেদক:
দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার (১৪ নভেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান এবং একটি মহল পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি হলো আমাদের পোশাক শিল্প। কিন্তু একটি মহল এই শিল্পে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গত ৭-১২ দিন এই সমস্যা সৃষ্টি হচ্ছে। নিম্নতম মজুরি বিষয়কে কেন্দ্র করে একটি মহল এই বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।
তিনি বলেন, বিশেষ করে সাভার, আশুলিয়া ও গাজীপুরে শিল্প প্রতিষ্ঠানে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এ শিল্প বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ শিল্প রক্ষায় তিনি সুশীল সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
