ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মব কালচার নিয়ে সতর্কবার্তা দিলেন জেড আই খান পান্না

প্রকাশিত: 14 November 2026, 5:35 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, দেশ বর্তমানে মব বা গণপিটুনি ও বিশৃঙ্খল রাজনৈতিক সংস্কৃতির কবলে পড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে জনস্বার্থে মামলা বিষয়ক এই সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। সভাটি সঞ্চালনা করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান।

জেড আই খান পান্না বলেন, বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে ‘ইট মারলে পাটকেল খেতে হয়’—এই প্রবাদটি মনে রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আমি বলছি না যে আওয়ামী লীগ সরকারের সময় এমন ঘটনা ছিল না, তবে তখন তা লুকিয়ে করা হতো। এখন এই মব সংস্কৃতি প্রকাশ্য রূপ নিয়েছে, যা রাজনীতির জন্য অত্যন্ত ভয়াবহ একটি দিক। সামনে আমাদের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

একজন এমপির বাসায় আগুনের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি এই অগ্নিসংযোগের ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকে, তবে তা অবশ্যই একটি ভয়াবহ বিষয়। এছাড়া তিনি নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আমাদেরই এক আইনজীবী পরিবারসহ কেএফসিতে যাওয়ার পথে যুবদলের মব বা উত্তেজিত জনতার কবলে পড়েন। তারা পুলিশ ডেকে ওই আইনজীবীকে তাদের হাতে তুলে দেয়, যা অত্যন্ত উদ্বেগজনক। সুতরাং ভবিষ্যতে পাটকেল খেতে হতে পারে, এটি সবার স্মরণ রাখা উচিত।

মতবিনিময় সভায় জনস্বার্থে মামলা বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেড আই খান পান্না। একই সঙ্গে হেফাজতে মৃত্যুর বিষয়ে বিদ্যমান আইনকে আরও যুগোপযোগী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় হেফাজতে মৃত্যুর আইন নিয়ে ব্যারিস্টার নাজিয়া কবির বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার সময় সেখানে একজন ডাক্তার থাকা আবশ্যক, যাতে আটকের পর নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের নির্দেশ যথাযথ পালন হচ্ছে কি না এবং থানায় নির্যাতন হচ্ছে কি না, তা দেখার জন্য ডেডিগেটেড অফিসার নিয়োগ ও সিসি ক্যামেরায় সাউন্ডসহ মনিটরিং জরুরি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন রুখতে একটি স্বাধীন ‘থার্ড আই’ বডি রাখার প্রস্তাব করেন।

ব্যারিস্টার নাজিয়া কবির আরও বলেন, হেফাজতে মৃত্যুর আইনটি অত্যন্ত অসেচতনভাবে প্রণয়ন করা হয়েছে এবং এর প্রয়োগ খুবই দুর্বল। ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির কথা থাকলেও তা বছরের পর বছর ঝুলে থাকে। পুলিশের বিরুদ্ধে মামলা পুলিশই তদন্ত করলে তার বিশ্বাসযোগ্যতা থাকে না, তাই বিচার বিভাগের মাধ্যমে তদন্ত হওয়া প্রয়োজন। এছাড়া আইনে পুলিশ ছাড়া অন্যান্য বাহিনীর দায়বদ্ধতা এবং পুলিশের সোর্সের মাধ্যমে মৃত্যুর বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই, যার কারণে উচ্চ আদালতে সোর্স খালাস পেয়ে যায়। আইনের সংশোধনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর মানসিকতার পরিবর্তনও জরুরি বলে তিনি মন্তব্য করেন।

মানবাধিকারকর্মী নূর এ খান লিটন বলেন, হেফাজতে মৃত্যুর ঘটনায় মামলা করা অত্যন্ত কঠিন এবং পুলিশের বিরুদ্ধে মামলা করলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ফলে কেউ সাহস পায় না। তিনি উদাহরণ টেনে বলেন, উত্তরার তুরাগ থেকে উদ্ধার হওয়া তিন জনের লাশের ঘটনায় কেউ মামলা করেনি, এমনকি আমরাও করিনি। অথচ এমন ঘটনার মামলা হওয়া প্রয়োজন ছিল। তিনি আরও বলেন, হেফাজতে মৃত্যুর মামলা হলেও দীর্ঘসূত্রিতার কারণে তা বছরের পর বছর আটকে থাকে।

এদিকে হেফাজতে মৃত্যুর আইন সংশোধনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সভায় উপস্থিত সুপ্রিম কোর্টের অন্য আইনজীবীরা আসককে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

মন্তব্য করুন