ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গোপালগঞ্জে ঝটিকা মিছিল ও ভাঙচুরের জেরে ডিসি-এসপি প্রত্যাহার, নতুন দায়িত্বে দুই কর্মকর্তা

প্রকাশিত: 15 November 2026, 7:38 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে সশস্ত্র মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার পরপরই কঠোর পদক্ষেপ হিসেবে জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। এর মধ্যে ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, রবিবার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত এই মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন এলাকায় প্রবেশ করেন। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। পাশাপাশি ভাঙচুর করা হয় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি পুলিশ বক্স। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন বিক্ষোভকারীরা।

উত্তপ্ত এই পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন নেতাকর্মীরা। এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নাম সংবলিত ব্যানার টাঙানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ও স্থাপন করেন তারা।

মিছিল চলাকালে শহরের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা।

ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলা শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তাব্যবস্থা বহুগুণ জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়। আকস্মিক এই মিছিলের কারণে শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং রিকশা-ভ্যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে দুপুর দুইটার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।

মন্তব্য করুন