ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: 15 November 2026, 9:20 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এডিবির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

এডিবির হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে সংস্থাটির সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষা খাতের এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এডিবি বাস্তবভিত্তিক সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে এডিবির পরিচালক জি সুন সং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষা খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে এডিবির বিভিন্ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং আরো কয়েকটি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এডিবি বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে আগ্রহী বলে তিনি জানান।

এ সময় এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাটসুনাগা, কান্ট্রি অপারেশনস হেড চন্দন সাপকতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন