অরিত্রির আত্মহত্যা: ভিকারুননিসার প্রভাতী শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরা সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক:
স্কুলে ডেকে নিয়ে বাবা-মাকে অবমাননা করায় নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর (১৫) মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস গণমাধ্যমকে জানান, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই শিক্ষককে মঙ্গলবার সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার হলে নকলের অভিযোগ তুলে বাবা-মাকে ডেকে অপমান করা এবং টিসি দেওয়ার কথা বলায় রাজধানীর শান্তিনগরে নবম শ্রেণির এই শিক্ষার্থী চরম পথ বেছে নেয়।
স্কুলের অধ্যক্ষ অরিত্রির বাবা-মাকে তলব করে তাদের মেয়ের সামনেই চরম অপমান করেন এবং জানান যে, নকলের সুনির্দিষ্ট অভিযোগে অরিত্রিকে প্রতিষ্ঠান থেকে পাকাপাকিভাবে বের করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমন অপমানের লজ্জা সহ্য করতে না পেরে অরিত্রি বাসায় ফিরে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যার ঠিক কিছুক্ষণ আগে সে তার মাকে আকুতি জানিয়ে বলেছিল, ‘মা এ লজ্জা নিয়ে বাঁচতে চাই না।’ উল্লেখ্য, তার ছোট বোনও একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বিস্তারিত তুলে ধরে আরও বলেন, অরিত্রী প্রভাতী শাখাতেই অধ্যয়ন করত। ঘটনার দিন দায়িত্বরত শিক্ষক তার নকল ধরে সোজা শাখা প্রধানের কক্ষে হাজির হন। পরবর্তীতে শাখা প্রধান তাকে বহিষ্কার করে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করেন। এখন পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই মূলত শাখা প্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে পুরো বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্কুলে নিজ শিক্ষকের কথায় অপমানিত হয়ে একজন কোমলমতি ছাত্রীর এমন আত্মহত্যা অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা।
এই অনভিপ্রেত ঘটনায় তীব্র ক্ষুব্ধ ও মর্মাহত হওয়ার কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, এই আকস্মিক ঘটনার পেছনে যারাই প্রত্যক্ষ বা পরাক্ষভাবে জড়িত থাকুক না কেন, উপযুক্ত তদন্ত সাপেক্ষে প্রমাণ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
