ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের তালিকায় বাংলাদেশ: খুলল বিনিয়োগের নতুন দুয়ার

প্রকাশিত: 16 November 2026, 9:36 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগের পথ প্রশস্ত হলো। সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে মার্কিন অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হলো বাংলাদেশের জন্য।

ডিএফসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের চাহিদা মেটাতে এবং বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধিতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্থাটির মতে, ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমানোর বিশেষ সুবিধার মাধ্যমে অর্থের অভাব কিংবা ঝুঁকির কারণে ঝুলে থাকা প্রকল্পগুলো এখন দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এই উদ্যোগের ফলে দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, অর্থায়নের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন হলো পারস্পরিক বাণিজ্য চুক্তি। এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দুই দেশের সমৃদ্ধি আরও বাড়বে।

ডিএফসি জানায়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। এ অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক উপস্থিতি বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে সংস্থাটি।

মন্তব্য করুন