বক্স অফিসে জনি ডেপের রাজকীয় প্রত্যাবর্তন: প্রথম দিনেই শীর্ষে ‘এবেনেজার’
অনলাইন ডেস্ক:
দীর্ঘ বিরতি কাটিয়ে বড় স্টুডিওর সিনেমায় ফিরেই বক্স অফিসে বাজিমাত করলেন হলিউড তারকা জনি ডেপ। চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত তার নতুন সিনেমা ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষস্থান দখল করে নিয়েছে। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) উত্তর আমেরিকার ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই এর আয় দাঁড়িয়েছে ৬৭ লাখ মার্কিন ডলার। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয় ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ডলারে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হলে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ৪ কোটি ডলারে পৌঁছানোর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
টিআই ওয়েস্ট পরিচালিত ‘এবেনেজার’ সিনেমায় নাম ভূমিকায় অর্থাৎ এবেনেজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। সিনেমার গল্পে দেখা যায়, কৃপণ ব্যবসায়ী স্ক্রুজের জীবনে অতীত, বর্তমান ও ভবিষ্যতের বড়দিনের তিন প্রেতাত্মার আবির্ভাব ঘটে। এই তিন প্রেতাত্মার আগমনের মধ্য দিয়ে নিজের জীবন ও আচরণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি।
প্যারামাউন্ট প্রযোজিত এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার। দর্শকদের কাছ থেকে সিনেমাটি ‘এ মাইনাস’ সিনেমাস্কোর অর্জন করেছে, যা এর সাফল্যের ইঙ্গিত দেয়।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর পর এটিই জনি ডেপের প্রথম বড় স্টুডিও প্রযোজনার সিনেমা। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই এবং নানা বিতর্কের কারণে দীর্ঘ সময় বড় স্টুডিওর সিনেমা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। এই বিরতিকালে তিনি ‘মিনামাটা’ ও ‘জেন দু বারি’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘মোদি, থ্রি ডেইজ অন দ্য উইং অব ম্যাডনেস’ সিনেমাটি পরিচালনা করেন।
এদিকে একই দিনে মুক্তি পাওয়া অ্যামাজন এমজিএমের ‘হাউ টু রব আ ব্যাংক’ বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। শুক্রবার ২ হাজার ৮১০টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির আয় হয়েছে মাত্র ২২ লাখ ডলার। প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয় ৪৭ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেভিড লেইচ পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন নিকোলাস হল্ট, জো ক্রাভিটজ ও পিট ডেভিডসন।
অন্যদিকে সনির অ্যাকশন থ্রিলার ‘ঘোস্ট সোলজার’ মুক্তির প্রথম দিন আয় করেছে ১৫ লাখ ডলার। পাশাপাশি আগে মুক্তি পাওয়া ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ ও ‘গডজিলা মাইনাস জিরো’ সিনেমা দুটিও উত্তর আমেরিকার বক্স অফিসে তাদের উল্লেখযোগ্য আয় ধরে রেখেছে।
