ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ভালোবাসার জন্য আর ছোট হব না: দক্ষিণ কোরিয়ায় নারীর অভিনব ‘ডিভোর্স পার্টি’

প্রকাশিত: 17 November 2026, 4:46 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বিবাহবিচ্ছেদ মানেই জীবনের সমাপ্তি নয়—এই বার্তার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন ৩৭ বছর বয়সি চো সেউং-ইয়ন নামের এক নারী, যিনি বিয়ের সম্পর্ক ভাঙার পর সমাজকে পেছনে ফেলে ঘটা করে ‘ডিভোর্স পার্টি’ বা বিবাহবিচ্ছেদ উৎসবের আয়োজন করেছেন এবং এই ব্যতিক্রমী উদযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা।

নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে তিনি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।

অবাক করা বিষয় হলো, অনুষ্ঠানটি দেখতে অনেকটা বিয়ের সংবর্ধনার মতোই ছিল যেখানে গায়ে সাদা পোশাক জড়িয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি এবং অনুষ্ঠানের একটি বিশেষ কেকও কাটেন এই নারী।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল অতিথিদের উদ্দেশে চো-এর বক্তব্য, যেখানে চোখে পানি নিয়েও তিনি নিজের আত্মসম্মান ও অধিকারের কথা স্পষ্ট ভাষায় তুলে ধরেন।

তিনি বলেন, ‘ভালোবাসার পাওয়ার জন্য আমি আর নিজেকে ছোট করব না। যাই ঘটুক না কেন, আমি আর কখনো নিজেকে একা ফেলে দেব না।’

চো-এর এই প্রকাশ্য ‘বিবাহবিচ্ছেদ উৎসব’ অনলাইনে ব্যাপক বিতর্ক তৈরি করেছে এবং একদল নেতিজেন এর তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন যে কেন একটি বৈবাহিক সম্পর্ক ভাঙার ঘটনাকে এভাবে প্রকাশ্যে উদযাপন করতে হবে, কারণ তাদের মতে ডিভোর্স সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হওয়াই উচিত।

তবে এর বিপরীত চিত্রও দেখা গেছে এবং অনেকেই চো-এর সাহসিকতার প্রশংসা করে লিখেছেন— ‘স্বাধীনতার আনন্দ উপভোগ করো এবং নতুন সূচনার জন্য শুভকামনা’ কিংবা ‘দারুণ একটা আইডিয়া! দারুণ লাগল।’

আরেক নেতিজেন মন্তব্য করেছেন, ‘বিয়ে যেমন স্বাভাবিক, ডিভোর্সও তেমনি স্বাভাবিক। ডিভোর্সকে স্বাভাবিক হিসেবে দেখা মানে ডিভোর্সকে উৎসাহিত করা নয়, বরং একজন ডিভোর্সি মানুষের নতুন জীবনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলাকে আমি সমর্থন জানাই।’

এর প্রেক্ষিতে দেওয়া এক সাক্ষাৎকারে চো সেউং-ইয়ন জানান, তার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ কোরিয়ার সমাজে ডিভোর্সি নারীদের ঘিরে থাকা সামাজিক কুসংস্কার বা ট্যাবুকে চ্যালেঞ্জ করা এবং নিজের আসল পরিচয়কে পুনরুদ্ধার করা।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় বিবাহবিচ্ছেদ উৎসব খুব একটা দেখা যায় না এবং বিশেষ করে নারীদের জন্য বিচ্ছেদ এখনো সমাজে এক ধরনের সামাজিক লজ্জার বিষয় হিসেবে গণ্য হয়, যদিও সময়ের সঙ্গে সঙ্গে ডিভোর্সের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাচ্ছে, তবুও এখনো বিবাহবিচ্ছেদের মতো বিষয়গুলোকে অত্যন্ত গোপনীয় এবং বেদনাদায়ক ঘটনা হিসেবেই দেখা হয়—উৎসবের উপলক্ষ হিসেবে নয়।

মন্তব্য করুন