গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ৮০ লাখ টাকার বিল নিয়ে রহস্য: তদন্তে ৫ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রবেশপথে বাঁশ ও তারের রেলিং নির্মাণের মতো সাধারণ কাজের বিপরীতে প্রায় ৮০ লাখ টাকার বিল জমা দিয়েছে মেসার্স হানিফ এন্টারপ্রাইজ। তবে এই বিপুল অংকের বিলের বিপরীতে কোনো চুক্তিপত্র বা কার্যাদেশের মতো প্রয়োজনীয় নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, যা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এই পরিস্থিতিতে বিলের যথার্থতা যাচাই এবং কাজ সম্পাদনের পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।
গঠিত কমিটিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি, কাজ সম্পন্ন করার পদ্ধতি এবং দাখিল করা বিলের প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাদুঘর সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর জাতীয় জাদুঘর থেকে অতিরিক্ত দায়িত্ব প্রদানের মাধ্যমে জনবল নিয়োগ করে কার্যক্রম চালানো হচ্ছিল। সেই সময়েই জাদুঘরের সম্মুখভাগে জরুরি ভিত্তিতে অস্থায়ী টিকিট কাউন্টারের লাইন ও শেড নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য মেসার্স হানিফ এন্টারপ্রাইজ প্রায় ৮০ লাখ টাকার বিল দাবি করে।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত জাদুঘর পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটির দাখিল করা একাধিক বিলের যথার্থতা নিরূপণ করা এখন সময়ের দাবি। নিয়ম অনুযায়ী কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু করার কথা থাকলেও, সংশ্লিষ্ট নথিতে কোনো চুক্তিপত্র বা কার্যাদেশপত্রের অস্তিত্ব পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
এই জটিলতা নিরসনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পরিচালক। কমিটির সদস্য হিসেবে থাকছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব পর্যায়ের প্রতিনিধি, বাংলা একাডেমির একজন প্রকৌশলী প্রতিনিধি এবং জাদুঘরের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুল হক। এছাড়া সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাদুঘরের সংরক্ষণ হিসাবরক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অরুণ কুমার রায়।
কমিটির কার্যপরিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে, জাদুঘরের প্রবেশপথে অস্থায়ী বাঁশের রেলিং তৈরির কাজে মেসার্স হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি, কাজ সম্পাদনের প্রক্রিয়া এবং দাখিল করা বিলের প্রতিটি বিষয় পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করতে হবে।
