জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় প্রায় ৪১৫ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ। জলবায়ু সংক্রান্ত ঝুঁকির তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, বীমা সুবিধা এবং আর্থিক সুরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হবে। প্রাথমিক পর্যায়ের এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা গেলে ভবিষ্যতে আরও প্রায় ২৫০ কোটি টাকা সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা ড. সাইমুম পারভেজ।
ড. সাইমুম পারভেজ জানান, গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশ এই অনুদান পাচ্ছে। এর আগে প্রায় তিন কোটি মার্কিন ডলারের অনুদান পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে যথাযথ আবেদনের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ এই আন্তর্জাতিক সহায়তা লাভের সুযোগ পেয়েছে।
অনুদানের অর্থ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ব্যয় করা হবে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকিগুলো চিহ্নিত করা, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, জলবায়ু বীমা ও অন্যান্য আর্থিক সুরক্ষাব্যবস্থার মাধ্যমে এই সহায়তার সুফল সরাসরি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাথমিক পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী ধাপে আরও প্রায় ২৫০ কোটি টাকা সহায়তা পাওয়ার পথ প্রশস্ত হবে।
এই অনুদান প্রাপ্তির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরে ড. সাইমুম পারভেজ বলেন, সরকারের সুনির্দিষ্ট উদ্যোগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফলেই বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ অর্জন করেছে।
