পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন: ইসরায়েলের ৯ প্রতিষ্ঠান ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনে জড়িত থাকার দায়ে ইসরায়েলের আটটি নির্মাণ প্রতিষ্ঠান এবং গাজায় ত্রাণবাহী ট্রাকে বাধা প্রদানকারী একটি সংগঠনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফিলিস্তিন সংকট সমাধানে দীর্ঘদিনের অনুসৃত ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক নীতি’ সমুন্নত রাখার লক্ষ্যেই লন্ডন এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।
নিষেধাজ্ঞার আওতায় আসা ইসরায়েলি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হার হেভরন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, হেমদাত শমরন লিমিটেড এবং এস এ জি (ভেলভেল) কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। আন্তর্জাতিক আইন ও নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের কার্যক্রম চালিয়ে আসছে।
ব্রিটিশ সরকারের এই কঠোর সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সব ধরনের সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে, এসব প্রতিষ্ঠানের পরিচালকদের ডিরেক্টর পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, গাজায় মানবিক সহায়তার অংশ হিসেবে পাঠানো খাদ্য, সুপেয় পানি ও জ্বালানিভর্তি ত্রাণ ট্রাকে নিয়মিত বাধা দেওয়ার অপরাধে ‘জাভ ৯’ নামের একটি ইসরায়েলি সংস্থাকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পশ্চিম তীরের বিতর্কিত ‘ই১’ বসতি প্রকল্পের দরপত্র জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগমুহূর্তে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। মূলত এই প্রকল্প বাস্তবায়ন করা হলে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্রের ভূখণ্ড পুরোপুরি খণ্ডিত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এই বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষা করাই তাদের সরকারের মূল লক্ষ্য।
‘ই১’ প্রকল্প নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, কেউ যেন এই প্রকল্পে দরপত্র জমা না দেয়, কোনো ধরনের নির্মাণকাজ না চালায় এবং শান্তি প্রক্রিয়া নষ্ট করে কোনো ধরনের মুনাফা লোটার চেষ্টা না করে।
