দেশব্যাপী রেল প্রসারিত করার রয়েছে সরকারের বিশেষ উদ্যোগ: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রায় ৮০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পাবনা থেকে সরাসরি ঢাকা ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে ফিতা কেটে ঢাকা-পাবনা ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। এ সময় তিনি জানান, দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং নেটওয়ার্ক প্রসারিত করার জন্য বর্তমান সরকারের সুনির্দিষ্ট উদ্যোগ রয়েছে। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, পাবনাবাসীর জন্য নিশ্চিতভাবেই এটি একটি আনন্দঘন মুহূর্ত। অল্পতম সময়ে এই যাত্রা অত্যন্ত নিরাপদ হবে উল্লেখ করে তিনি জানান, এটি সরকারের একটি বড় অঙ্গীকার এবং এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিরাও জনগণের রাখা আস্থার যথাযথ মর্যাদা রক্ষা করেছেন।
তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করতে চাই যে, আগামী দিনে বাংলাদেশের রেলের মান, সার্বিক সার্ভিস এবং রেলযাত্রা আরও বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে ইনশাআল্লাহ।
ঐতিহাসিক এই উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমা, রেলসচিব ফাহিমুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৮০ বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত পাবনাবাসীর প্রাণের এই দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আজকের উদ্বোধনী দিনে ট্রেনটি বিকেল ৫টায় ছেড়ে গেলেও, আগামীকাল ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত হবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ও ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। নতুন এই সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।
