ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নিরাপত্তা জোরদারে কাশিমপুর কারাগারের দ্বারস্থ আইন-শৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: 19 November 2026, 10:57 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা ও টহল ব্যবস্থা আরও শক্তিশালী করতে সেনাবাহিনী ও পুলিশসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জরুরি সহায়তা চেয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সহযোগিতা চাওয়া হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসের ভেতরে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি অবস্থান করছেন। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় এর নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করছে কারা কর্তৃপক্ষ।

চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কারা কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি পত্র দেওয়া হয়। ওই পত্রের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে।

এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া বলেন, কাশিমপুর কারাগার কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। কারাগারের নিরাপত্তা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। পরে কারা কর্মকর্তাদের আবেদনের প্রক্ষিতে জেলার সবগুলো কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।

মন্তব্য করুন