ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার করছে পুলিশ
অনলাইন ডেস্ক:
ডিসেম্বরে বড় ধরনের নাশকতার আশঙ্কায় সারা দেশে নিরাপত্তা জোরদার করছে পুলিশ। সম্প্রতি ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন ও রাজনৈতিক নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার পর পুলিশ এই প্রস্তুতি নিচ্ছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, ঢাকায় বড় ধরনের জমায়েত এবং গোপালগঞ্জ ও আশপাশের জেলার সঙ্গে সড়ক ও নৌপথের যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মোবাইল ফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের অর্থায়ন শনাক্ত করতে আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আহসান হাবীব পলাশ বলেন, সম্ভাব্য নাশকতার বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে যেকোনো ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বাড়ানো, তল্লাশিচৌকি জোরদার ও সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
গোয়েন্দা সূত্রের ধারণা, ডিসেম্বরে ঢাকায় হঠাৎ জমায়েত করতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন আনা হতে পারে। সড়ক ও নৌপথে হামলা চালিয়ে গোপালগঞ্জ ও আশপাশের জেলা বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তবে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার আকতার হোসেন জানান, ঢাকায় বাইরে থেকে লোক এনে বড় জমায়েত বা হামলার বিষয়ে ডিএমপির কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পুলিশ সদর দপ্তর থেকে ৬৪ জেলার পুলিশ সুপার, ৮ মহানগরের কমিশনার ও ৮ রেঞ্জের উপমহাপরিদর্শককে নির্দেশনা দেওয়া হয়েছে। হামলায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করা, গোয়েন্দা নজরদারি বাড়ানো ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। সীমান্তের থানাগুলোকে বিজিবির সঙ্গে সমন্বয় করে অস্ত্র, বিস্ফোরক ও সন্দেহভাজন অনুপ্রবেশ ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামরুম মুনিরা জানান, মহাপরিদর্শক জেলা পুলিশ প্রধানদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। নিরীহ মানুষকে হয়রানি না করে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, ১৪ থেকে ২০ নভেম্বর ঢাকায় বিপুলসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩০০ জনের বেশি নেতাকর্মী রয়েছেন। একই সময়ে অন্তত ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে গোপালগঞ্জে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গত ১৮ নভেম্বর জানিয়েছিলেন, ডিসেম্বরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
