ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

প্রকাশিত: 22 November 2026, 6:06 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করার লক্ষ্যে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ ছয় আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। শুনানিতে তিনি জানান, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেছেন।

এই পরিস্থিতিতে পলাতক মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করার উদ্দেশ্যে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানায় প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল এই নির্দেশ প্রদান করেন।

একই মামলায় গ্রেফতার ছয় আসামি হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

রোববার সকালে গ্রেফতার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে ফারুক খানকে আদালতে আনা সম্ভব হয়নি। এই মামলায় পলাতক মির্জা আজমসহ মোট আসামির সংখ্যা সাতজন।

এর আগে গত ২ নভেম্বর আওয়ামী লীগের এই সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৫ নভেম্বর অভিযোগ আমলে নিয়ে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিচারিক প্যানেল। একই সঙ্গে মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সাত নেতা। ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই কারফিউ কাজে লাগিয়ে হত্যাযজ্ঞ পরিচালনার পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানো হয়। এ ঘটনায় সাত নেতার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মন্তব্য করুন