ডিসেম্বর সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার: অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে অন্য দেশে যাতায়াত রোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। এরপর তিনি সরাসরি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির মূল দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ যাতায়াত বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের প্রবেশ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের অংশ হিসেবেই আমি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছি। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। সীমান্তসংক্রান্ত যেকোনো তথ্য জানা থাকলে তা দ্রুত বিজিবিকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান ও ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
