মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীনদের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রবিবার (২২ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে সাতটি ঘরের চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হবে প্রধান পরিচয়। তিনি ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশা আল্লাহ।
অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাকে হারাতে হয়েছে। তিনি শাহরিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তার জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করেন।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম উল্লেখ করে তাদের প্রতি সমবেদনা জানান ডা. জুবাইদা রহমান। বক্তব্যের শেষ পর্যায়ে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ভোরে কড়াইলের টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয় এবং অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার আনুষ্ঠানিকভাবে গৃহহীন বাসিন্দাদের পুনরায় তাদের ঘরে ওঠার জন্য চাবি হস্তান্তর করেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।
