শর্ত সাপেক্ষে জাতীয় ঐক্যে রাজি এনসিপি, প্রধানমন্ত্রীকে যা জানাল নাহিদ ইসলামের দল
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ার প্রক্রিয়ায় অংশ নিতে বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি, যা আগামী ২৭ বা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। এর আগে জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একান্তে বৈঠক করেন এবং পরবর্তীতে সংসদীয় ভাষণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রী সংসদ ও সংসদের বাইরের দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানানোর পরপরই সরকারি দলের পক্ষ থেকে এই সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সৃষ্ট নাশকতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকা এই জাতীয় ঐক্য প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবেই দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সংলাপের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবে।
এর আগে গত রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, শুধু আওয়ামী লীগ ঠেকানোর অজুহাতে ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে যদি জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হয়, তবে সেই ঐক্য প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা শুরুর আগেই একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম আরও বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে ফেলতে হবে এবং এর পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এর মাধ্যমেই দেশের মানুষ বুঝতে পারবে যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর কাছেও একটি অত্যন্ত ইতিবাচক বার্তা পৌঁছাবে।
তিনি আরও উল্লেখ করেন যে, যেকোনো জাতীয় ঐক্যের অবশ্যই একটি সুস্পষ্ট ভিত্তি ও দৃঢ় অঙ্গীকার থাকা আবশ্যক। অতীতে সরকারের পক্ষ থেকে যেসব অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, সেগুলোর জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং এমন কিছু দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে যাতে সাধারণ মানুষ ও দলগুলো পুরোপুরি আশ্বস্ত হতে পারে। এই বিষয়ে এনসিপির পক্ষ থেকেও সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে।
দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশ বর্তমানে একটি সংকটময় সময় পার করছে। এমতাবস্থায় সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানিয়েছেন, তখন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে অবশ্যই সাড়া দেবে। প্রধানমন্ত্রী ঠিক কী চান এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে কীভাবে দেশকে সামনে এগিয়ে নিতে চান, তা তারা সরাসরি শুনতে চান।
এনসিপির আহ্বায়ক দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সংঘটিত গণহত্যার সঠিক বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ দেশের মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকারকে সুনির্দিষ্টভাবে অঙ্গীকারবদ্ধ হতে হবে, তবেই কেবল একটি বাস্তবসম্মত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ফ্যাসিবাদী অপশক্তির যেকোনো ধরনের পুনরুত্থান রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের ছাত্র-জনতার মতো একই মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সব গণতান্ত্রিক দলের প্রতি ওই সময় আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।
