ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার দাবিতে শ্রম ভবনের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, চলছে বোর্ড সভা
নিজস্ব প্রতিবেদক:
পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের নিচে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হওয়ার পরপরই তারা ভবনের নিচে জড়ো হন।
এ বিক্ষোভে অংশ নিয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্ট শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন এবং গার্মেন্ট শ্রমিক পরিষদসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন।
এদিকে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ড রুমে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে চলছে বৈঠক। আজকের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। তবে ভবনের নিচে চলছে শ্রমিকদের স্লোগান।
গত ১৬ নভেম্বর অনিবার্য কারণবশত বোর্ডের এই তৃতীয় সভা স্থগিত করা হয়েছিল।
