নারায়ণগঞ্জে সাড়ে চার ঘণ্টার ব্যবধানে বাস ও ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে আগুন
অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জে সাড়ে চার ঘণ্টার ব্যবধানে একটি বাস ও একটি ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে। এতে দুটি যানবাহনই পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড গিরিধারা এলাকায় থেমে থাকা নারায়ণগঞ্জ-গাজীপুর রুটের অনাবিল পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা ছোড়া হয়। অটোরিকশায় করে আসা দুর্বৃত্তরা বোমা ছুড়ে পালিয়ে যায়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর সাড়ে চার ঘণ্টা পর সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় পাটবোঝাই একটি ট্রাকে পেট্রোলবোমা ছোড়া হয়। মোটরসাইকেলে আসা দুজন ট্রাকটিতে বোমা ছুড়ে পালিয়ে যায়। ট্রাকটি চট্টগ্রাম থেকে আসা পাঁচটি ট্রাকের একটি ছিল। আগুনে পাটসহ ট্রাকের মালামাল পুড়ে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে পাশের একটি পুকুর থেকেও পানি নেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, দুটি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাইনবোর্ডের ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানা এলাকায় পড়তে পারে বলেও জানান তিনি।
