ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সিন্ধু ভাগের পরিকল্পনায় উত্তাল পাকিস্তান, রাজপথে স্বাধীনতার স্লোগান

প্রকাশিত: 24 November 2026, 5:00 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিসহ পুরো সিন্ধু প্রদেশ এখন উত্তাল। প্রদেশ ভাগের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো সিন্ধি জাতীয়তাবাদী। ঐতিহ্যবাহী সিন্ধু আজরাক স্কার্ফ ও টুপি পরে বিক্ষোভকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সিন্ধুর অখণ্ডতা কোনোভাবেই দর-কষাকষির বিষয় নয়। বিক্ষোভের এক পর্যায়ে জয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ (জেএসএমএম) পাঞ্জাবের ওপর অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়েছে এবং ‘সিন্ধুদেশ’ প্রতিষ্ঠার স্লোগান তুলেছে।

এই বিক্ষোভ কেবল করাচিতে সীমাবদ্ধ নেই, বরং সিন্ধুর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। জাতীয়তাবাদী নেতারা অভিযোগ করেছেন, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন সামরিক প্রতিষ্ঠান এবং পাঞ্জাব-কেন্দ্রিক শাসনব্যবস্থা তাদের জন্মভূমিকে খণ্ডবিখণ্ড করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

প্রদেশ ভাগের এই বিতর্কের সূত্রপাত হয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির একটি প্রস্তাবের মাধ্যমে। তিনি ইসলামাবাদে পাকিস্তান ইকোনমিক সামিটে ছোট প্রশাসনিক একক গঠনের পক্ষে মত দেন এবং এ বিষয়ে গণভোটের ইঙ্গিত দেন। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি ফেডারেল সরকারকে সতর্ক করে বলেছেন, সিন্ধু ভাগের যেকোনো অপচেষ্টা করাচি ও হায়দরাবাদের রাস্তায় রক্তপাত ঘটাতে পারে। তিনি সাংবিধানিক পদ্ধতি এড়িয়ে যাওয়ার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

এদিকে, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল প্রদেশের সংখ্যা ১২ থেকে ১৫-তে উন্নীত করার কথা বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গত ২২ নভেম্বর জানিয়েছেন, ২০২৬ সালের শেষ নাগাদ গণভোটের বিষয়টি বাস্তব রূপ পেতে পারে। তবে এখন পর্যন্ত কোনো সর্বসম্মত মানচিত্র বা সংবিধান সংশোধনের খসড়া প্রকাশ করা হয়নি।

গত ২২ নভেম্বর জয়ে সিন্ধ রাহবার কমিটির (জেএসআরসি) ব্যানারে হাজারো মানুষ করাচিতে বিশাল মিছিল করেন। এতে নেতৃত্ব দেন রিয়াজ আলী চান্ডিও ও নিয়াজ কালানিসহ অন্যান্য নেতারা। আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এতে সংহতি জানান। নেতারা প্রস্তাবিত গণভোট প্রত্যাখ্যান করে একে সিন্ধু বিভক্তির বৈধতা দেওয়ার কৌশল হিসেবে অভিহিত করেছেন। তারা স্পষ্ট করেছেন, তাদের এই আন্দোলন কোনো নির্দিষ্ট নৃগোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং সিন্ধুর অস্তিত্ব রক্ষার লড়াই।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ও অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, ইসলামাবাদ যখনই সিন্ধুর জনসংখ্যাতত্ত্ব পরিবর্তনের চেষ্টা করেছে, সিন্ধিরা তখনই এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এছাড়া হায়দরাবাদ, নওয়াবশাহ, লারকানা ও দাদু জেলার মেহার শহরেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আয়াজ লতিফ পালিজো এই অংশগ্রহণকে সিন্ধুর ঐক্য ও রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে, জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) করাচি, সুক্কুর ও জ্যাকোবাবাদে বিক্ষোভ করেছে। দলটির নেতা রশিদ মাহমুদ সুমরো জানিয়েছেন, সিন্ধু ভাগের বিরুদ্ধে বিলাওয়াল ভুট্টো ও মাওলানা ফজলুর রহমানসহ জাতীয়তাবাদী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে। মাওলানা ফজলুর রহমান বর্তমানে সামরিক প্রতিষ্ঠানের রাজনীতিতে হস্তক্ষেপের বিরুদ্ধে সরব রয়েছেন।

জেএসএমএম চেয়ারম্যান শফি মুহাম্মদ বুরফত দাবি করেছেন, সিন্ধু পাকিস্তান নয় এবং তারা পাঞ্জাবি ঔপনিবেশিক দখলদারিত্ব প্রত্যাখ্যান করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের কাছে সিন্ধুদেশের স্বাধীনতার পক্ষে সমর্থনের আবেদন জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০০৮ সাল থেকে ক্ষমতায় থাকা পিপিপি মনে করছে প্রদেশ ভাগ হলে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্গ দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে, পিএমএল-এনের মিত্র এমকিউএম-পি নতুন প্রদেশের প্রস্তাব সমর্থন করছে। আগামী ২৯ নভেম্বর করাচিতে জাতীয়তাবাদীদের আরেকটি বড় মিছিল এবং একই দিনে এমকিউএম-পির পাল্টা সমাবেশের ঘোষণায় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মন্তব্য করুন