আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক:
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন। শনিবার ঘটে যাওয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলটির কাছে খননকাজে নিয়োজিত কয়েকটি প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণের একটি গুদাম থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনন প্রকল্প রয়েছে। প্রদেশটির আসাদাবাদ জেলার আন্দরসির এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানান তিনি।
ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি।
