ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দক্ষিণ এশিয়ায় আইনি সুরক্ষার বাইরে বৈবাহিক ধর্ষণ

প্রকাশিত: 28 November 2026, 5:33 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বৈবাহিক ধর্ষণকে পূর্ণাঙ্গ অপরাধ হিসেবে স্বীকৃতি না দেওয়ায় দক্ষিণ এশিয়ার লাখ লাখ নারী ও কিশোরী আইনি সুরক্ষার বাইরে রয়েছেন। এ অঞ্চলের আটটি দেশে ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার হার বৈশ্বিক গড়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ চিত্র।

বিশ্বের শতাধিক দেশে স্বামী কর্তৃক স্ত্রীর সম্মতিহীন যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশে এখনো বৈবাহিক ধর্ষণকে পূর্ণাঙ্গ অপরাধ হিসেবে গণ্য করা হয় না।

অঞ্চলটির দেশগুলোর মধ্যে মালদ্বীপে বৈবাহিক সম্পর্কের ভেতরে সংঘটিত ধর্ষণের জন্য সাধারণ ধর্ষণের মতোই শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে নেপাল ও ভুটানে বৈবাহিক ধর্ষণ অপরাধ হলেও এর শাস্তি তুলনামূলক কম। নারীর অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের জোট ‘সমাজ’-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

জোটটির সদস্য বৈশ্বিক নারী অধিকার সংগঠন ‘ইকুয়ালিটি নাউ’-এর প্রতিনিধি রঞ্জিতা সিলওয়ালের মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনের ভিত্তি এখনো ব্রিটিশ ঔপনিবেশিক আমলের বিধান। ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালে এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালে প্রণীত আইনে ধর্ষণের সংজ্ঞা থেকে প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে স্বামীর যৌন সম্পর্ককে বাদ রাখা হয়েছে।

অধিকারকর্মীদের বক্তব্য, এসব আইনি ব্যতিক্রম বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে, সম্পর্ক বা বৈবাহিক পরিচয় যা-ই হোক, সম্মতি ছাড়া জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবেই বিবেচিত হওয়া উচিত। এ ধরনের সহিংসতা নারীর শারীরিক, মানসিক, আবেগীয় ও যৌন স্বাস্থ্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে।

যুক্তরাজ্যসহ বিশ্বের শতাধিক দেশ বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য ১৯৯১ সালে এ বিষয়ে আইন সংশোধন করে। কিন্তু ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় এখনো পুরোনো আইনি ব্যতিক্রম বহাল রয়েছে।

পাকিস্তান ২০০৬ সালে ধর্ষণ আইনের ব্যতিক্রমী ধারাটি বাতিল করলেও স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ধর্ষণ আইন কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে দেশটির কোনো উচ্চ আদালত এখনো সুস্পষ্ট নির্দেশনা দেয়নি। বরং দেশটির একটি হাইকোর্টের রায়ে সম্মতি ছাড়া যৌন সম্পর্কের ঘটনায় স্বামীদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের আইনি সুরক্ষা ক্রমেই সংকুচিত হয়েছে। রঞ্জিতা সিলওয়াল জানান, গত জানুয়ারিতে কার্যকর হওয়া নতুন দণ্ডবিধি দেশটির নারীদের পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। এই বিধান অনুযায়ী, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ওপর সহিংসতার অভিযোগে মামলা করা যাবে কেবল হাড় ভাঙা, গভীর ক্ষত বা গুরুতর জখমের প্রমাণ থাকলে। অপরাধ প্রমাণিত হলেও সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

অবাক হওয়ার মতো বিষয় নয় যে নতুন এই দণ্ডবিধিতে বৈবাহিক ধর্ষণের কোনো উল্লেখই নেই। তবে শাস্তিযোগ্য সহিংসতার অত্যন্ত সংকীর্ণ এই সংগ্রার কারণে নারীরা কার্যত বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে সব ধরনের আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।

সাক্ষাৎকারে সিলওয়াল বলেন, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি না দেওয়ার পেছনে এমন একটি ধারণা কাজ করে যে বিয়ের মধ্যেই যৌন সম্মতি স্বাভাবিকভাবে অন্তর্ভুক্ত থাকে। তার ভাষায়, বিয়েকে এমন একটি সীমারেখা হিসেবে দেখা হয়, যার পর নারীর সম্মতির প্রয়োজনীয়তা আর বিবেচনায় থাকে না।

তিনি মনে করেন, এ ধারণা নারীর অধিকার সম্পর্কে সচেতনতার ঘাটতি এবং পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামোর প্রতিফলন। তার মতে, এর মধ্য দিয়ে নারীকে স্বতন্ত্র অধিকারসম্পন্ন ব্যক্তি না ভেবে সম্পত্তির মতো বিবেচনার প্রকাশও ঘটে।

দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে গবেষণাটি প্রকাশিত হয়েছে। ভারতে এ সংক্রান্ত আইনি ব্যতিক্রম চ্যালেঞ্জ করে করা ১০টি পিটিশন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ৯ ডিসেম্বর এসব আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ভারতের বিভিন্ন আদালত অতীতে ভিন্ন ভিন্ন রায় দিয়েছেন। কয়েকজন বিচারক আইনটির পুরোনো কাঠামোর কথা উল্লেখ করে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে পার্লামেন্টের প্রতি আহ্বানও জানিয়েছেন। অন্যদিকে, স্বামীর ধর্ষণে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আদালত খালাস দেওয়ার পর দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছিল।

তবে ভারতের সরকার, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও পুরুষ অধিকারকর্মীরা সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনগুলোর বিরোধিতা করেছেন। তাদের যুক্তি, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে ‘অত্যধিক কঠোর’ পদক্ষেপ।

বাংলাদেশেও অধিকার সংগঠনগুলো বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে বিদ্যমান আইনি ব্যতিক্রমের বিরোধিতা করে আসছে। তাদের যুক্তি, এ ধরনের বিধান সংবিধানে নিশ্চিত করা জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষার মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

সিলওয়াল জানান, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার বিরোধীরা সাধারণত পারিবারিক কাঠামো ভেঙে যাওয়া, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়া এবং পুরুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার সমাজে পরিবারের গুরুত্ব বেশি—এ যুক্তিও তারা দেখান।

তবে শুধু আইন সংশোধন করলেই ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন, এমন নিশ্চয়তা নেই বলে মনে করেন সিলওয়াল। এ ক্ষেত্রে ভুটান ও নেপালের উদাহরণ তুলে ধরেন তিনি।

ভুটানে বৈবাহিক ধর্ষণ ফৌজদারি অপরাধ হলেও একে তুলনামূলক লঘু অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ অপরাধে শাস্তি এক মাস থেকে এক বছরের কারাদণ্ড। নেপালে সাধারণ ধর্ষণের সাজা ছয় থেকে ২০ বছর হলেও স্ত্রীকে ধর্ষণের ঘটনায় স্বামীর সর্বোচ্চ সাজা পাঁচ বছর।

মন্তব্য করুন