সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির বিজয় সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১ ডিসেম্বর বিএনপির পূর্বনির্ধারিত বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে অনুষ্ঠিত হবে। রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেফতারে কেন গাফিলতি করা হচ্ছে? তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড রুখতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে। তবে সন্ত্রাসী কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
দেশে কোনো লকডাউন নেই এবং সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে উল্লেখ করে রিজভী বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
