ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

১ ডিসেম্বর মহাসমাবেশ নয়, উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি: রিজভী

প্রকাশিত: 28 November 2026, 5:41 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় মাসের কর্মসূচির অংশ হিসেবে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, তা মহাসমাবেশ নয়, বরং উদ্বোধনী সমাবেশ বলে স্পষ্ট করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিজয় মাস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির সূচনা হিসেবেই আগামী ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়েছে। এটিকে মহাসমাবেশ হিসেবে উল্লেখ করা সঠিক নয় জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। তিনি জানান, ১ ডিসেম্বর বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হবে এবং মাগরিবের আগেই তা শেষ করা হবে। আর কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা বেলা ১২টার মধ্যেই ভেন্যুতে উপস্থিত হবেন।

তিনি আরও জানান, আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গণমানুষের এই নেতা সমাবেশে যোগ দেবেন বলে তিনি মন্তব্য করেন।

১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এই বিজয় আমাদের জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই অর্জন পুরো জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত থাকার অনুপ্রেরণা জোগায়। আগামী দিনেও বিজয় দিবস জাতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে এবং স্বাধীনতা সুরক্ষার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ জানান, অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের হত্যার রাজনীতি থেকে সরে আসেনি। তিনি উদাহরণ টেনে বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থী, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা ও পরাজিত শক্তি দেশের বাইরে বসে এসব কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছে বলে তিনি দাবি করেন।

গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, দেশে ঘটে যাওয়া অপকর্মের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলো বস্তুনিষ্ঠভাবে প্রচার করা প্রয়োজন। অপপ্রচার কখনো গণতন্ত্রের জন্য সুফল আনে না। সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে যত বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারিত হবে, গণমাধ্যমের পাশাপাশি দেশের গণতন্ত্রও ততটা শক্তিশালী হবে। শ্রমিক আন্দোলন ও শিল্পকারখানা সংক্রান্ত খবরের ক্ষেত্রে তথ্য যাচাই করে প্রকাশের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সংসদ সদস্য ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন