দিল্লিতে ই-রিকশা চার্জিং পয়েন্টে অগ্নিকাণ্ড, নিহত ৪
অনলাইন ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লির শাহদারা জেলার বিশ্বাস নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) ভোরে ঘটা এই দুর্ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিটি মলের কাছে ১১ নম্বর গলির একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
দিল্লি ফায়ার সার্ভিসের কাছে ভোর ৪টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পৌঁছায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তিনটি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। এর মধ্যে ছিল একটি পানিবাহী গাড়ি, একটি ওয়াটার বাউজার ও একটি কুইক রেসপন্স ভেহিকল (কিউআরভি)। ৬০ বর্গগজ আয়তনের ওই বাড়ির নিচতলায় একটি ই-রিকশা বা অটোরিকশা চার্জিং স্টেশন ছিল, যেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভবনটির ওপরের তলায় আটকে পড়া ছয়জনকে উদ্ধার করে দ্রুত হেগদেওয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। বাকি দুজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শাহদারা জেলার উপকমিশনার অব পুলিশ (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিশ্চিত করে। তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রথম তলায় ঘুমিয়ে থাকা ব্যক্তিরাই এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
