অনলাইন ডেস্ক:
খুলনা মহানগর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৬ সালে আলী আকবরের বিরুদ্ধে দেড় কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গোপন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় পুলিশ কর্মকর্তা আলী আকবর আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন, এবং রায় ঘোষণার পর তাকে কারাগারে নেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আলী আকবর শেখ সর্বশেষ মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২২ মার্চ দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন তার বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন (খুলনা থানার মামলা নং- ২৫)। তদন্ত শেষে ২০১৭ সালের ২০ মার্চ দুদকের উপ-পরিচালক নাজমুল হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।











