অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্র নয়, বরং উপদেষ্টা সরকারেও বসে থাকা হাসিনার দোসররা দায়ী। আমরা তাদের অপসারণ চাই।”
তিনি গতকাল রোববার বিকালে ফেনী শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন।
সভায় বক্তৃতা দিতে গিয়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, “বাংলাদেশের মানুষ আশা করেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। রমজানের আগে সরবরাহ বাড়ানো এবং ট্যাক্স-ভ্যাট কমানো প্রয়োজন।” তিনি সরকারকে আরও সতর্ক করে দিয়ে বলেন, “অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছি, বেশি সংস্কার করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তিতে ফেলে দেবেন না।”
তিনি বলেন, “রমজানে দ্রব্যমূল্য বাড়ানো যাবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে।”
ফেনীর মিজান ময়দানে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সাবেক এমপি রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, সাহানা আকতার সানু ও মশিউর রহমান বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী এবং আনোয়ার হোসেন পাটোয়ারী।











