বিল্ডিং আছে, সেবা নেই’ – আসিফ নজরুল

অনলাইন ডেস্ক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে শুধুমাত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নয়, এমন অনেক প্রতিষ্ঠানেরই বিল্ডিং ও কর্মকর্তা-কর্মচারী রয়েছে, কিন্তু কার্যকর সেবা নেই। তিনি জানান, “এটা আমার গত ৬ মাসের অভিজ্ঞতা। আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, এসব প্রতিষ্ঠানে ভালো কিছু করার জন্য।”

গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় আসিফ নজরুল জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, “এসএসসি ও এইচএসসি পাস করার পর ছাত্র-ছাত্রীরা যে কিছু মাস সময় পায়, সে সময় তাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) নিয়ে আসা উচিত।”

তিনি আরও জানান, জেলা প্রশাসকরা বিদেশ গমনের আগ্রহী ব্যক্তিদের ডাটাবেজ তৈরির পরামর্শ দিয়েছেন। আসিফ বলেন, “যে সমস্ত মানুষ বিদেশে যেতে চান, তাদের ডাটাবেজ তৈরি করা হবে। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তদের নয়, আমরা বিদেশ যেতে আগ্রহী সকল নাগরিকের ডাটাবেজ তৈরি করব।”

বৈঠকে আসিফ নজরুল আরও জানান, সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা এবং জেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। জেলা পর্যায়ে টিটিসি-এ বোয়েসেল সেল স্থাপন এবং জনশক্তি রফতানির ভূমিকা আরও শক্তিশালী করার প্রস্তাব এসেছে।

ড. আসিফ নজরুল জানান, “বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণকারী নাগরিকদের জন্য একটি ডাটাবেজ তৈরি করা হবে, যা খুব শীঘ্রই শুরু হবে।” তিনি আরও বলেন, “এটি শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য নয়, বরং সকল বিদেশগামী নাগরিকদের জন্য হবে।”

বিগত সরকারের সময় দেশের মেধাবী ডিসিদের কাজের প্রসঙ্গ তুলে ধরে আসিফ নজরুল বলেন, “ফ্যাসিস্ট সরকার এই মেধাবী ডিসিদের জনগণের নিপীড়ন ও অত্যাচারের জন্য ব্যবহার করেছে।” তিনি বলেন, “আমরা আশা করি, আগামী দিনে প্রশাসন জনগণের সেবা ও কল্যাণের জন্য ব্যবহার হবে।”

এদিকে, ডিসি সম্মেলনের বিষয়ে তিনি বলেন, “এই সম্মেলন আমার জন্য নতুন অভিজ্ঞতা। ডিসিরা মাঠ পর্যায়ের প্রশাসন দেখেন, এবং তারা আমাদেরকে বাস্তব অভিজ্ঞতা দিয়েছেন।”