নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ধানমন্ডি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুরে এ ঘটনার কারণে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি। সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।”
সংঘর্ষের কারণ সম্পর্কে জানতে চাইলে শওকত আলী বলেন, “দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আগেও এ ধরনের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পেছনে নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি।”
আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটেছে।”
ওই শিক্ষার্থী আরও বলেন, তারা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ হামলার শিকার হন। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান তিনি।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী বলেন, “ক্লাস শেষে ছুটির পর সাইন্সল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়ে। বাসের জানালার কিছু কাচ ভেঙে যায়। এ খবর পেয়ে আমরা সাইন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করি।”
এর আগে, ২০২৫ সালের ৯ নভেম্বর সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরপর নতুন করে সংঘাত এড়াতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা হয়।
তবে ওই সমঝোতার পরও রবিবার আবারও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটল।











