অনলাইন ডেস্ক:
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। দুটি অত্যন্ত প্রতীক্ষিত ম্যাচের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় এবারের সেমিফাইনালের জন্য বিভিন্ন অভিজ্ঞ আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে, তবে গ্রুপ পর্বে চারটি ম্যাচে দায়িত্ব পালন করা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম নেই।
আজ, দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল, যেখানে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গ্যাফনি ও রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাইকেল গফ, এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে।
আগামীকাল, বুধবার লাহোরে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা ও পল রাইফেল। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন, এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন আহসান রাজা। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রঞ্জন মাদুগালে। এই সেমিফাইনালও বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি ৯ মার্চ অনুষ্ঠিত হবে, তবে এখনো ফাইনাল ম্যাচের জন্য দায়িত্বপ্রাপ্ত ম্যাচ অফিশিয়ালদের নাম জানানো হয়নি আইসিসির পক্ষ থেকে।











