ফ্লোরিডায় সাফল্য, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুকিণী

অনলাইন ডেস্ক:

বাংলা সিনেমা বিনোদিনী সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় তিনটি পুরস্কার অর্জন করেছে। দর্শকপ্রিয় এই সিনেমাটির জন্য অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড ছাড়াও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুকিণী মৈত্র। বিনোদিনী ছবির জন্য বেস্ট ডিরেক্টর হিসেবে খেতাব লাভ করেছেন রামকমল মুখার্জী।

ফ্লোরিডায় পুরস্কার পাওয়ার পর রামকমল মুখার্জী বলেন, “দর্শকদের ভালোবাসার পর আন্তর্জাতিক স্তরে সম্মান পাওয়া অনেক বড় অর্জন। ফ্লোরিডায় হাউজফুল শো হওয়া এবং তিনটি পুরস্কার পাওয়ার কথা ভাবতেও পারিনি।” তিনি আরও বলেন, “রুকিণী ও পুরো ইউনিটের সদস্যদের কঠোর পরিশ্রমের ফলেই এ ধরনের স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে। সিনেমার কস্টিউম এবং সিনেমাটোগ্রাফি সকলের কাছে প্রশংসিত হয়েছে।”

এদিকে, রামকমল মুখার্জী তার পরবর্তী সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে কাজ করছেন। এই সিনেমার কাজ অনেকটাই শেষ হয়ে গেছে এবং তিনি জানান, “এটি বিনোদিনী থেকে একেবারে ভিন্ন ধরনের ছবি হবে।”