ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম

প্রকাশিত: 6 March 2025, 2:57 am
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

নিজের বিদায়ী বার্তায় মুশফিক লেখেন, “আজ থেকে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত, তবে একটি জিনিস নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিবেদন ও সততার সঙ্গে নিজের শতভাগের বেশি দিয়েছি।”

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড় ও ৭৯.৭০ স্ট্রাইক রেটে তিনি ৭,৭৯৫ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ৯টি শতক ও ৪৯টি অর্ধশতক। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তিনি বিদায় নিলেন।

সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স নিয়ে চলা আলোচনা-সমালোচনার মধ্যেই এলো অবসরের ঘোষণা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর দল থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হয়, পাশাপাশি বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় তার জায়গা নিয়ে প্রশ্ন ওঠে। সবশেষে নিজেই ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই তারকা ক্রিকেটার।

ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন মুশফিকের সামনে একমাত্র ফরম্যাট হিসেবে রয়েছে টেস্ট ক্রিকেট। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে এ বছরই সেই রেকর্ড গড়তে পারেন মুশফিকুর রহিম।

মন্তব্য করুন