অনলাইন ডেস্ক:
বলিউডে নিজের শর্তে কাজ করা সাহসী অভিনেত্রীদের মধ্যে এলনাজ নরৌজির নাম আলাদা করে উল্লেখযোগ্য। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন—চমক নয়, তার কাছে চিত্রনাট্যই শেষ কথা। পর্দায় অন্তরঙ্গ দৃশ্য প্রসঙ্গেও তাঁর অবস্থান বরাবরই সুস্পষ্ট—শুধু দেখানোর জন্য নয়, গল্পের প্রকৃত প্রয়োজন থাকলেই এমন দৃশ্যে তিনি সম্মতি দেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এলনাজ নরৌজি বলেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা তাঁর কাছে কখনোই সহজ ‘হ্যাঁ’ বা ‘না’-এর সিদ্ধান্ত নয়। তিনি আগে বিচার করেন দৃশ্যটি গল্পের জন্য কতটা জরুরি। তাঁর ভাষায়, “চুমুর দৃশ্য হোক বা চূড়ান্ত ঘনিষ্ঠ দৃশ্য—প্রশ্ন একটাই, এটা কি গল্পকে এগিয়ে নেয়? চরিত্র বা পরিস্থিতির কোনো পরিবর্তন আনে? যদি আনে, তবে সেই দৃশ্য থাকা উচিত। না হলে কেন থাকবে?”
এলনাজের এই বক্তব্যে স্পষ্ট, চটকদার উপস্থাপনার চেয়ে তিনি গল্পের গভীরতা ও যৌক্তিকতাকেই বেশি গুরুত্ব দেন। তিনি আরও বলেন, সুসংগঠিত টিম, সংবেদনশীল পরিচালক এবং শক্তিশালী চিত্রনাট্য থাকলে অনেক সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই পরিষ্কার হয়ে যায়। তবে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তিনি তা তুলতে কখনোই দ্বিধা করেন না। তাঁর কথায়, “এটা তো একটি যৌথ কাজ। প্রশ্ন থাকলে পরিচালকের সঙ্গে কথা বলতেই পারি।”
এলনাজ নরৌজির ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অভিজ্ঞতাগুলোর একটি ছিল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস ২’। সেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্য চিত্রনাট্যে থাকায় তিনি সেই প্রজেক্ট ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে পরিস্থিতির মোড় ঘোরে পরিচালক অনুরাগ কাশ্যপের সংবেদনশীল ও পরিণত আচরণে।
অনুরাগ কাশ্যপ এলনাজ ও তাঁর টিমকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে দৃশ্যটি নিয়ে খোলামেলা আলোচনা করেন। পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের মধ্য দিয়েই বিষয়টি সমাধান হয়। এই অভিজ্ঞতাকে এলনাজ তাঁর পেশাগত জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবেও দেখেন।











