জুলাই যোদ্ধাদের জন্য মাসিক ভাতা ও পুনর্বাসন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

আগামী মাস থেকেই চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। সোমবার (২৩ জুন) সচিবালয়ে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ‘জুলাই যোদ্ধারা’ আজীবন সরকারি মেডিকেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। আহতদের পুনর্বাসনের জন্য একটি আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে এবং ইতোমধ্যে সেখানে ২০ জন কর্মকর্তা কাজ করছেন একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে।

উল্লেখযোগ্যভাবে, আহতদের চিকিৎসার অবস্থা অনুযায়ী তিনটি শ্রেণিতে ভাগ করে মাসিক ভাতা দেওয়া হবে:

‘এ’ ক্যাটাগরি: গুরুতর আহত ৪৯৩ জন, মাসিক ভাতা ২০,০০০ টাকা ও এককালীন ৫ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরি: ৯০৮ জন আংশিক সক্ষম আহত, মাসিক ভাতা ১৫,০০০ টাকা ও এককালীন ৩ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরি: চিকিৎসার পর সুস্থ ১০,৬৪২ জন, মাসিক ভাতা ১০,০০০ টাকা ও এককালীন ১ লাখ টাকা।

ফারুক-ই-আজম জানান, আহতদের অনেকে ইতোমধ্যে তুরস্ক, থাইল্যান্ডসহ বিদেশে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া সরকার পুনর্বাসনের অংশ হিসেবে প্রশিক্ষণ, চাকরিতে অগ্রাধিকার ও পরিচয়পত্র প্রদান করছে।

তিনি আরও জানান, ৮৩৪ জন ‘জুলাই শহীদ’-এর তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। তাদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। ইতোমধ্যে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে; বাকি ২০ লাখ টাকা আগামী অর্থবছরে পরিশোধ করা হবে।

অধিদপ্তরে অভিযোগ করলে নিখোঁজ শহীদের ডিএনএ নমুনা পরীক্ষার মাধ্যমে খোঁজ পাওয়া সম্ভব বলেও আশ্বাস দেন উপদেষ্টা।

এছাড়া ৫ আগস্টকে জাতীয়ভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।