নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পুনর্বাসনে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহীদ পরিবারদের জন্য তিন ধাপে সর্বমোট ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৪–২৫ অর্থবছরে প্রথম ধাপে ৭৭২টি পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। বাকি ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র চলতি অর্থবছরের মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। একইসঙ্গে তিনি জানান, জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না। বরং, আত্মকর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
জুলাই যোদ্ধাদের ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে ভাগ করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ‘ক’ শ্রেণির ৯০৮ জন প্রত্যেকে পাচ্ছেন ৫ লাখ টাকা, যার মধ্যে ২ লাখ টাকা ইতোমধ্যে প্রদান করা হয়েছে। ‘খ’ শ্রেণির ৪ জনকে এককালীন ৩ লাখ এবং ‘গ’ শ্রেণির ১০,৬৪২ জন প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা করে।
তারা মাসিক ভাতাও পাচ্ছেন: শহীদ পরিবার ও ‘ক’ শ্রেণি পাচ্ছেন ২০ হাজার, ‘খ’ শ্রেণি ১৫ হাজার, এবং ‘গ’ শ্রেণি ১০ হাজার টাকা।
ফারুক ই আজম স্পষ্ট করে বলেন, “জুলাই যোদ্ধারা সম্মানিত হলেও তাদের মুক্তিযোদ্ধাদের সমমর্যাদা দেওয়া হচ্ছে না। মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য, কাউকে তাদের সমতুল্য ভাবা হচ্ছে না।”
সরকার ঘোষিত তালিকা অনুযায়ী এখন পর্যন্ত ৮৪৪ জনকে ‘জুলাই শহীদ’ হিসেবে এবং আহতদের তিনটি শ্রেণিতে ভাগ করে গেজেট প্রকাশ করা হয়েছে। আগামী ৫ আগস্ট শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার।











