ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিতে এফবিসিসিআই ও প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 20 January 2026, 10:29 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও প্রতিযোগিতা আইন সম্পর্কে অংশীজনদের সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে আজ এফবিসিসিআই-তে প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী অবহিতকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও এফবিসিসিআই যৌথভাবে এই সভার আয়োজন করে। এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন (সচিব) এ এইচ এম আহসান।

 

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘প্রতিযোগিতা আইনের মূল লক্ষ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং বাজারে প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করে একটি ভারসাম্যপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখা।

 

সভার শুরুতে প্রতিযোগিতা আইন, ২০১২-এর উদ্দেশ্য এবং প্রতিযোগিতা কমিশনের কার্যাবলীর ওপর একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন কমিশনের সহকারী পরিচালক নুরুদ্দিন জোবায়ের।

 

মুক্ত আলোচনা পর্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে, বিশেষ করে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে এই আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন যে, আইন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে তা পরিপালন করা কঠিন।

 

এ ছাড়াও আইনের বিধি প্রণয়ন, সংশোধন এবং কমিশনের শুনানি কার্যক্রমে এফবিসিসিআইসহ বেসরকারি খাতের প্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ত করার জোরালো আহ্বান জানান ব্যবসায়ী প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার এবং ড. আফরোজা বিলকিস, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগির, এফবিসিসিআই’র সাবেক পরিচালকবৃন্দ, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) -এর প্রতিনিধিবৃন্দ।

মন্তব্য করুন